ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে সোমবার (১২ জানুয়ারি) আরও ৪১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে গত তিন দিনের শুনানিতে মোট ১৫০ জন প্রার্থী তাদের নির্বাচনী লড়াইয়ে ফেরার বৈধতা পেলেন। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল কুদ্দুস মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোট ৭১টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪১টি আবেদন মঞ্জুর হলেও ২৪টি আবেদন নামঞ্জুর করা হয়েছে।
চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে এবং পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত থাকায় একটির শুনানি হয়নি। এছাড়া চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা নিজের আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে জাতীয় পার্টির ৩ জন, গণঅধিকার পরিষদের ৪ জন, এবি পার্টির ৩ জন এবং স্বতন্ত্র ১০ জনসহ বিভিন্ন ছোট রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের আবেদন বাতিল হয়েছিল।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন। দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।